২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

প্রায় ২৫ লাখ শিশুর অংশগ্রহণে মঙ্গলবার শুরু হয়েছে প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 05:26 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ২৫ লাখ শিশুর অংশগ্রহণে মঙ্গলবার শুরু হয়েছে প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। সারা দেশে একযোগে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়। এবার মোট ৬ হাজার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের বাইরে ৭টি কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলো হলো- রিয়াদ, জেদ্দা, আবুধাবী, কাতার, ত্রিপলী, সিঙ্গাপুর ও বার্লিন। পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৪ লাখ ৮৮ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আগামী ২৯ নভেম্বর পরীক্ষা শেষ হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত একটি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৬ নভেম্বর সরকারি ছুটি থাকায় ওই দিন পরীক্ষা হবে না। প্রাথমিক সমাপনী পরীক্ষা গত বছর শুরু হয়েছে। এবতেদায়ি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গতবছর আলাদাভাবে হলেও এবার একসঙ্গে হচ্ছে। ডিসেম্বরের ২২ থেকে ২৭ তারিখের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের আশা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২১ লাখ ৫৭ হাজার ৯০৭ জন এবং এবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৩১ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া ইংরেজি মাধ্যমে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৪৯ জন। পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও উপজেলা/থানা শিক্ষা কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০২-৭১৬০২৯২ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০২-৮০১৮১২৩ ও ০২-৯০১২৯২০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১১২৮ ঘ.