বগুড়া, নভেম্বর ২০ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শনিবার দুপুরের ওই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল ওহাব এবং আওয়ামী লীগ নেতা রফি নেওয়াজ খান রবিন।
এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমানসহ অন্তত ১২ জন আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, গত ১৩ নভেম্বর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়। শনিবার ওই সদস্যদের ভোটে সভাপতি পদে নির্বাচন হয়।
ভোটে রফি নেওয়াজ খান রবিন নির্বাচিত হলে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে গাবতলী থানা পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাবতলী থানার ওসি আব্দুর রশিদ বলেন, পরাজিত প্রার্থীর সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশ পরিস্থিতি নিযন্ত্রণে নিয়ে আসে।
বিজয়ী রফিনেওয়াজ খান রবিন অভিযোগ করেন, পরাজিত হওয়ায় আব্দুল ওয়াহাব তার লোকজন দিয়ে হামলা চালায় এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
তবে আব্দুল ওয়াহাব এ অভিযোগ অস্বীকার করেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24