২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারিতে লটারিতে ভর্তি হলেও সরকারি স্কুল সিদ্ধান্তহীনতায়

রাজধানীর বেসরকারি স্কুলগুলোতে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হলেও সিদ্ধান্তহীনতার কারণে সরকারি স্কুলগুলো এখনো তা শুরু করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 01:02 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বেসরকারি স্কুলগুলোতে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হলেও সিদ্ধান্তহীনতার কারণে সরকারি স্কুলগুলো এখনো তা শুরু করতে পারেনি। রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ, ওয়াইডব্লিউসিএ স্কুলসহ বেশ কয়েকটি বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হয়ে আসছে। গত বছর ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় এবারই প্রথম ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজেও প্রথম শ্রেণীতে লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। ভিকারুননিসায় গত রোববার থেকে ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে। বুধবার ফরম বিতরণের শেষ দিন। মঙ্গলবার পর্যন্ত ফরম বিক্রি হয়েছে প্রায় ১৮ হাজার, যদিও এ বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে আসন সংখ্যা মাত্র ১ হাজার ৫৬৮টি। এর মধ্যে বিভিন্ন কোটা ছাড়া ১ হাজার ৪৪০টিতে সরাসরি লটারি করা হবে। ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই লটারি করা হতে পারে। এর মধ্যেই সাক্ষাৎকার নেওয়া শেষ করা হবে। "সবার সামনে প্রকাশ্যে এ লটারি করা হবে", বলেন তিনি। অন্যদিকে সরকার সিদ্ধান্ত না জানানোয় ভর্তি প্রক্রিয়া নিয়ে এগোতে পারছে না গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ভর্তির নীতিমালার খসড়া তৈরির কাজ চলছে। এটি চুড়ান্ত হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে মন্ত্রণালয়ে বুধবার একটি বৈঠক হচ্ছে। ওই বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে রাজধানীর সরকারি ২৪টি মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণীর ভর্তি লটারিতে হবে, না পরীক্ষার মাধ্যমে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৯০০ ঘ.