২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ২৪ লাখ

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৪ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এই সংখ্যা গতবারের চেয়ে পাঁচ লাখ বেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৪ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এই সংখ্যা গতবারের চেয়ে পাঁচ লাখ বেশী। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে। এবার সমাপনী পরীক্ষায় মোট ২৪ লাখ ৮৮ হাজার ৩১৬ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। গত বছর দেশে প্রথমবারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই সময় পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৭৯ হাজার। দেশের ৫,৯৮৪টি এবং বিদেশের ৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২১ লাখ ৫৭ হাজার ১৬৪ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৩১ হাজার ১৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আব্দুর রউফ চৌধুরী বলেন, সুষ্ঠুভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ২৩, ২৪, ২৫, ২৭, ২৮ ও ২৯ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষার প্রস্তুতি বিষয়ক এক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এ বছর ঢাকা বিভাগে সবচেয়ে বেশি পরীক্ষার্থী। এ বিভাগে ৬ লাখ ৯৪ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী। সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বিভাগে- ১ লাখ ১৮ হাজার ২৩৬ জন। এদিকে সুষ্ঠুভাবে সমাপনী পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে তিনটি কমিটি গঠন করা হয়েছে। তিন কমিটির ৫২ সদস্যকে বিভিন্ন জেলা পরিদর্শন করে মাঠ পর্যায়ে সমাপনী পরীক্ষার সার্বিক প্রস্তুতির বিষয়ে একটি প্রতিবেদন ১৪ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২২১০ ঘ.