ঢাকা নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিজয় সরণি মোড়ে সড়ক দুর্ঘটনায় লেদার টেকনোলজি কলেজের একজন ছাত্র নিহত হয়েছে।
রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাজিক করের (২৫)। বাড়ি চাঁদপুরের বাবুরহাটে। বাবার নাম রঞ্জিত কর।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজীব তার দুই বন্ধুর সঙ্গে মটরসাইকেলে করে যাচ্ছিলেন। ভোর রাত সাড়ে ৩টার দিকে বিজয় সরণি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজিব মারা যান।
অন্য দু'জনের পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/১৪২৭ ঘ.
bdnews24