ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগ কর্মীদের হাতে এক সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
লাঞ্ছিত সাংবাদিক কদর উদ্দিন শিশির ইংরেজি দৈনিক 'নিউ নেশন' এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বুধবার দুপুরে হলের ভেতরে ছাত্রলীগ ঢাবি শাখার সহ-সভাপতি রেজা সেকান্দরের সমর্থক শাওন, আরিফ, সিফাত উল্লাহ, হাসান ও সোহেল তাকে লাঞ্ছিত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এফ রহমান হলের প্রভোস্ট ড. আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাউছুল আজম মার্কেটে ফটোকপি করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শাওন নামের এক ছাত্র দোকানে তার মোবাইল ফোনটি ফেলে আসে।
পরে সে ওই দোকানে গিয়ে মোবাইল ফোনটি খোঁজাখুজি করে তা স্বপন নামে দোকানের এক কর্মচারীর কাছে পায়। পরে ছাত্ররা গিয়ে স্বপনকে ধরে নিয়ে হলের ১০৩ নম্বর কক্ষে রাখে।
কক্ষের সামনে জটলা দেখে সাংবাদিক শিশির কারণ জানতে চাইলে ছাত্রলীগ কর্মীরা তার ওপর চড়াও হয় বলে প্রভোস্ট জানান।
পরে হল প্রভোস্ট স্বপনকে নিউমার্কেট থানা পুলিশের হাতে তুলে দেন।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাউসুল আজম মার্কেটে মোবাইল ফোন সেট চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে কেউ মামলা করেনি।
কথিত মোবাইল ফোন সেট চুরি ও সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় এফ রহমান হলের সিনিয়র আবাসিক শিক্ষক আবুল কাশেমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24