২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তি পরীক্ষার দিনে ছাত্রলীগে সংঘর্ষ

ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানানো নিয়ে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে দুজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 06:57 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানানো নিয়ে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে দুজন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত এবং মুহসিন হল শাখা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলীর সমর্থকদের মধ্যে এ সংঘাত হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে সকাল থেকে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকে। এরই এক পর্যায়ে জহুরুল হক হল ও মুহসিন হলের একদল নেতা-কর্মী সংঘাতে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় মোহাম্মদ আলীর সমর্থক তুষারের নেতৃত্বে রাহাতের সমর্থক বরকতের ওপর হামলা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে কলাভবন ও ডাকসুর মধ্যবর্তী এলাকায় রাহাতের সমর্থকরা তুষারকে মারধর করে। 'খ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এদিন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরের ৬৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১২৫৮ ঘ.