জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর 'ঙ' ও 'চ' ইউনিট'র ভর্তি পরীক্ষার ফল বুধবার রাতে প্রকাশ করা হয়েছে।
রাতে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই দুই ইউনিটের পরীক্ষা ও ফল প্রকাশের মধ্যদিয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আপাতত শেষ হয়েছে।
'ঙ' ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০১টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৫১টি আবেদনপত্র জমা পড়ে। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ১০২ জন।
অন্যদিকে, 'চ' ইউনিটে (আইবিএ-জেইউ) ৫৫টি আসনের জন্য ৫ হাজার ৬৩৫টি আবেদন পত্র জমা পড়ে। প্রতি আসনে ১০২ জন প্রতিদ্বন্দ্বিতা করে।
উভয় ইউনিটের ফলাফলে নির্ধারিত আসনের চেয়ে মেধা অনুযায়ী ১০ গুণ শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট-www.juniv.edu এ পাওয়া যাবে।
এছাড়া, ওয়েবসাইটে ফলাফল প্রকাশের তিন থেকে চারঘণ্টা পর মোবাইল ফোনে এসএমএস'র মাধ্যমেও ফলাফল জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে ju লিখে space দিয়ে roll নম্বর তারপর 9934 এ পাঠালে ফিরতি মেসেজে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এছাড়া, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট অনুষদ অফিসের নোটিশ বোর্ড থেকেও ফলাফলের বিস্তারিত জানা যাবে।
এর আগে, গত রোববার (২৪ অক্টোবর) 'ছ' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০১০-১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হয় এবং একইদিন রাতে ফলাফল প্রকাশ করা হয়।
সোমবার (২৫ অক্টোবর) 'ক' ইউনিটের, মঙ্গলবার (২৬ অক্টোবর) 'ঘ' ইউনিটের পরীক্ষা হয় এবং ফলাফল প্রকাশ করা হয়।
এদিকে, 'খ' ও 'গ' ইউনিটের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে, হাইকোর্টের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন 'খ' ও 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।
পরবর্তী সময়ে এ দুই ইউনিটের পরীক্ষার সময়সূচি জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় নিবন্ধক আবু বকর সিদ্দিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৯ ঘ.
bdnews24