২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'স্যারের নীতি-আদর্শ মেনে চলবো'

আমাদের জন্য স্যারকে জীবন দিতে হলো, অঙ্গীকার করছি, তার আদর্শ অনুসরণ করবো- শিক্ষক মিজানুর রহমানের লাশের পাশে দাঁড়িয়ে কথাটি বলছিলেন তারই ছাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

নাটোর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমাদের জন্য স্যারকে জীবন দিতে হবে, এটা কোনোভাবেই মানতে পারছি না। আগে জানলে স্যারকে আমাদের উত্ত্যক্ত করার কথা বলতাম না। আমরা স্যারের মেয়ে মমকে কি বলে সান্ত্বনা দিবো ভেবে পাচ্ছি না। তবে অঙ্গীকার করছি, আমরা স্যারের নীতি আদর্শ মেনে চলবো। সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রিয় শিক্ষক মিজানুর রহমানের জানাজা পূর্ব সমাবেশে লাশের পাশে দাঁড়িয়ে এ কথা বলছিলেন লোকমানপুর কলেজের কয়েকজন ছাত্রী। এই ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটে যুবকরা মিজানুর রহমানের ওপর হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রীরা বলেন, সর্বশেষ গত ১২ অক্টোবর মিজান তাদের রসায়ন ক্লাস নিয়েছিলেন। ক্লাস শেষে তিনি ছাত্রীদের সাবধানে চলা ফেরা করতে বলেছিলেন। অথচ ওইদিন বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। তারা বলেন, ঘটনার দুই সপ্তাহ পরও হামলাকারী রাজন গ্রেপ্তার হয়নি। তারা ও তাদের অভিভাবকরা এখন ভীতসন্ত্রস্ত। লোকমানপুর কলেজের শিক্ষক ইমাম হোসেন জানান, সোমবার সকাল ৭টা থেকে লোকমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে মিজানুর রহমানকে শেষবারেরমত দেখার জন্য হাজারও মানুষ ভিড় জমাতে থাকে। সকাল সাড়ে ৭টায় গ্রামের বাড়ি থেকে মিজানুরের মরদেহ স্কুল মাঠে পৌঁছামাত্র অগণিত ছাত-জনতা তাকে শেষবারেরমত দেখেন। এসময় নিরব কান্নায় এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। সকাল সোয়া ৮টায় হয় জানাজা। জানাজার আগে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন- লোকমানপুর কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নওশের আলী, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়ামিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন প্রমুখ। অধ্যক্ষ মতিয়ার রহমান বলেন, "যে কাজটি আমার করা উচিত ছিল সেটা সে (মিজানুর) করতে গিয়ে জীবন হারালো। এই দু:খ আমি ভুলতে পারছি না। আমি বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।" ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন তার বক্তৃতায় বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনি রাজনকে গ্রেপ্তার করতে হবে। নইলে মিজানুরের আত্মা শান্তি পাবে না। তিনি নিহতের স্ত্রীকে লোকমানপুর কলেজে প্রভাষক পদে চাকরি দেওয়ার দাবি জানান। ইউএনও মোহাম্মদ ইয়ামিন খান বলেন, "আমরা মিজানুর সাহেবকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তাকে বাঁচানো যায়নি। এখন আমরা হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করতে চাই। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন।" জানাজা শেষে সকাল পৌনে ৯টায় মিজানুরের মরদেহ নিয়ে শোকযাত্রা বের হয়। হাজারও জনতা কালো পতাকা হাতে শোক প্রকাশ করে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি লোকমানপুর কলেজ থেকে ৩২ কিলোমিটার দূরে রাজশাহীর চারঘাট উপজেলার লক্ষ্মীপুর নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে মিজানুরের লাশ রাজশাহীর গ্রামের বাড়িতে নেওয়া হয়েছিলো। সকালে সেখান থেকে নেওয়া হয় কর্মস্থল নাটোরের লোকমানপুরে। মিজানুর রহমানের মৃত্যুতে লোকমানপুর কলেজ কর্তৃপক্ষ আগামী ২৮ অক্টোবর পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেছে। নাটোরের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতান আব্দুল হামিদ রোববার লোকমানপুর কলেজের পাশের ওই ঘটনাস্থল পরিদর্শন করেন। লোকমানপুর রেল স্টেশন, বাজার ও কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বাগাতিপাড়া থানার ওসি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ওই ঘটনায় গ্রেপ্তার আসিফকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আসিফকে জিজ্ঞাসাবাদের জন্য হেফজাতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে জানিয়ে তিনি বলেন, "অপর আসামি রাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।" ১২ অক্টোবর দুপুরে লোকমানপুর কলেজের সামনের রাস্তায় আসিফ ও রাজন মটর সাইকেল উঠিয়ে দিয়েছিলো শিক্ষক মিজানুর রহমানের ওপর। এরপর তারা রড দিয়ে তাকে বেধড়ক পেটায়। এতে গুরুতর যখম মিজানুরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৪ অক্টোবর তাকে ঢাকায় পাঠানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীররাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৭ ঘ.