ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমানকে হামলা করে 'হত্যাকারীদের' দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ স্টুডেন্ট ফোরাম ও আরবান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ কর্মসূচি আয়োজন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা উত্ত্যক্ত প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, যারা উত্ত্যক্ত করার বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে তারা বিভিন্ন জায়গায় অপদস্ত হয়েছে। উত্ত্যক্তকারীদের সর্বশেষ শিকার নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান।
মানববন্ধনে ঢাবির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. তানিয়া হক, প্রভাষক হেলাল হোসেন ঢালী, ফাতেমা রওশন ও ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আরবান ডেভেলপমেন্টর শফিউল হক ও আগামীর বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাইখ ইমতিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৫৭ঘ.
bdnews24