২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনভর ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 04:42 PM

Updated : 25 Aug 2022, 07:25 PM

জবি, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন। বেলা ১১টায় উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাহাদুরশাহ পার্ক এবং জজকোর্ট এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ণিল সাজে সেজে ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ-উল্লাস করে। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোস্তফা জালাল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র নেতারা র‌্যালিতে অংশ নেন। উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রয়োজনীয় সরকারি সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব। এজন্য প্রয়োজন সবার আন্তরিকতা। ২০০৫ সালের ২০ অক্টোবর ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৩০ ঘ.