আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'খ' ও 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য ইউনিটগুলোর পরীক্ষা নির্ধারিত দিনেই হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে।
মাদ্রাসা শিক্ষার্থীদের একটি রিট আবেদনে হাইকোর্টের আদেশে 'খ' এবং 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে বুধবার 'বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি'র এক জরুরি সভায় দুই ইউনিটের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।
আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, "মাদ্রাসা শিক্ষার্থীদের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ মঙ্গলবার সন্ধ্যায় আমাদের কাছে এসেছে। 'খ' এবং 'গ' ইউনিটের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরে এ দুই ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।"
অন্য ইউনিটের পরীক্ষা নির্ধারিত সময়ে হবে বলে জানান তিনি।
২৪ অক্টোবর 'ছ' ইউনিট, ২৫ অক্টোবর 'ক' ইউনিট, ২৬ অক্টোবর 'ঘ' ইউনিট, ২৭ অক্টোরর 'ঙ' ও 'চ' ইউনিটের পরীক্ষার সময় নির্ধারিত আছে। 'খ' ইউনিটের পরীক্ষা ২৪ এবং 'গ' ইউনিটের পরীক্ষা ২৩ অক্টোবর হওয়ার কথা ছিলো।
গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষার ভর্তির আবেদনপত্র বিক্রি শুরু হয়। তা জমা নেওয়া হয় ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রশাসন ভবনের কর্মকর্তারা জানান, এবার মোট ১ লাখ ২১ হাজার ৯১৮টি আবেদনপত্র জমা পড়েছে।
এর মধ্যে 'ক' ইউনিটে ২০ হাজার ৬০০, 'খ' ইউনিটে ১৫ হাজার ৪৬০, 'গ' ইউনিটে ২৫ হাজার ৫৭৫, 'ঘ' ইউনিটে ২৬ হাজার ৬০০, 'ঙ' ইউনিটে ২০ হাজার ৫৫১, 'চ' ইউনিটে ৫ হাজার ৬৩৫ ও 'ছ' ইউনিটে ৭ হাজার ৪৯৭ আবেদনপত্র জমা পড়েছে।
এবছর প্রতি আসনের বিপরীতে 'ক' ইউনিটে ৫৯ জন, 'খ' ইউনিটে ৪৮ জন, 'গ' ইউনিটে ৬৭ জন, 'ঘ' ইউনিটে ৯৮ জন, 'ঙ' ইউনিটে ১০২ জন, 'চ' ইউনিটে ১০২ জন ও 'ছ' ইউনিটে ১৮৭ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24