২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮৬ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে 'পুষ্টিকর' বিস্কুট

দেশের ছয় বিভাগের ৮৬টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের 'পুষ্টিকর' বিস্কুট দেওয়ার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ছয় বিভাগের ৮৬টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের 'পুষ্টিকর' বিস্কুট দেওয়ার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বিভাগ ছয়টি হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর। একনেক সভাশেষে মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী একে খন্দকার সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ছয়টি বিভাগের ৮৬টি উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার হিসেবে ৭৫ গ্রাম 'পুষ্টিকর' বিস্কুট দেওয়া হবে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ বিস্কুট সরবরাহ করবে বলে জানান পরিকল্পনা সচিব হাবিবুল্লাহ মজুমদার। প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 'দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচী' শীর্ষক এ প্রকল্প পরবর্তী সময় সারাদেশে চালু করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, "শিশুরা যেন বিদ্যালয়ে এসে ক্ষুধায় কষ্ট না করে সে জন্যই ছয়টি বিভাগে এ প্রকল্প নেওয়া হয়েছে।" এক হাজার একশ ৪৩ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০১০ থেকে জুন ২০১৪ পর্যন্ত। প্রকল্প ব্যয়ের পাঁচশ ৪৫ কোটি টাকা দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), বাকি অর্থ দেবে বাংলাদেশ সরকার। সভায় উপস্থাপন করা কার্যপত্রে প্রকল্পটির উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, "খাদ্য নিরাপত্তাহীন এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রী ভর্তি ও উপস্থিতি বৃদ্ধি করা। পুষ্টির মান বৃদ্ধির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শিক্ষার সক্ষমতা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯৪৯ঘ.