ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি কক্ষ থেকে তিতুমীর কলেজের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবনের ২৮৫ নম্বর কক্ষ থেকে দেবাশীষ দাসের (২০) লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, লাশটি অর্ধগলিত।
ওই কক্ষের ছাত্র রনি সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূজার ছুটি শেষে দুপুরে তিনি হলে ফেরেন। কক্ষের তালা খুলেই ফ্যানের সঙ্গে লাশ ঝুলতে দেখেন।
রনির চিৎকার শুনে আশেপাশের কক্ষের ছাত্ররা ছুটে আসে। পরে পুলিশ যায়।
দেবাশীষের ভাই উত্তম দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ২৮৫ নম্বর কক্ষেই থাকেন। পূজার ছুটিতে উত্তম বাড়ি গেলেও দেবাশীষ তার ভাইয়ের কক্ষে থেকে যায় বলে জানায় পুলিশ।
রনি জানায়, পূজার ছুটিতে কক্ষের চার ছাত্রের কেউই হলে ছিলো না।
দেবাশীষ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ এবং তা কয়েকদিন আগেই।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জলিল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি গলে গিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এমআই/১৭০৫ ঘ.
bdnews24