২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কা নিয়ে হলবাস এখনো

জগন্নাথ হল ট্রাজেডি'র মতো দুর্ঘটনার আশঙ্কা নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ছয়টি ভবনে থাকছে ৬ হাজারের বেশি শিক্ষার্থী। মাসুম বিল্লাহ- এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 07:01 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

মাসুম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ছয়টি ভবনে থাকছে ৬ হাজারের বেশি শিক্ষার্থী। আর এসব ভবন ধসে 'জগন্নাথ ট্রাজেডির' মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে রয়েছে জগন্নাথ হলের তিনটি, মুহসীন হলের প্রধান ভবন, শহীদুল্লাহ হলের বর্ধিত ভবন-২ এবং জহুরুল হক হল। এর একটিতে ছাদের পলেস্তরা খসে ছাত্র আহত হওয়ার ঘটনাও ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০০৬ সালে একটি কমিটি করা হলেও তা এখন আর কার্যকর নেই। কমিটির কোনো প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়নি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে। প্রকৌশল দপ্তর অবশ্য জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার জন্য নতুন ১২তলা ভবন নির্মাণ করা হচ্ছে। তবে সেখানে ১ হাজার ছাত্রের আবাসনের ব্যবস্থা হবে। বাকিদের কী হবে- তার স্পষ্ট উত্তর মিললো না উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের কাছ থেকেও। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাচীন এ বিশ্ববিদ্যালয়ে কিছু ভবন ঝুঁকিপূর্ণ এটা ঠিক। তবে আমাদের কিছু করার নেই। কারণ আমরা তো নতুন ভবন নির্মাণ করার আগে শিক্ষার্থীদের এসব ভবন থেকে বের করে দিতে পারবো না।" তবে পর্যায়ক্রমে কয়েকটি হল নির্মাণ করে শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান উপাচার্য। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন ছাত্র। এরপর থেকে বছরের এ দিনটি বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ড. হুমায়ুন আখতার জানান, ২০০৬ সালের অগাস্টেই জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভবনের ওপরের দুটি তলা ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। তখন নড়াইলে রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে সন্তোষচন্দ্র ভবন কেঁপে উঠায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। কিন্তু আজো সে সিদ্ধান্ত কার্যকর হয়নি। আট শতাধিক শিক্ষার্থী 'মৃত্যু' মাথায় নিয়েই থাকছে সেখানে। হলের প্রাধ্যক্ষ অজয় কুমার দাস জানিয়েছেন, ১৯২১ সালের আগে নির্মিত জগন্নাথ হলের জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবন ও গোবিন্দচন্দ্র ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ার পর নতুন প্রলেপ দেওয়া হয়েছে। এই দুই ভবনে বর্তমানে আড়াই হাজারের বেশি ছাত্র রয়েছে। মুহসীন হলের আবাসিক শিক্ষক আবুল কালাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালের জুলাই মাসে হলের প্রধান ভবনের একটি অংশ মাটিতে দেবে যায়। পরে কাঠের খুঁটি দিয়ে তা ঠেক দিয়ে রাখা হয়। এখন হলের পূর্ব পাশের ব্লকে পিলারগুলোকে নতুন ভিতের ওপর নির্মাণ করা হয়েছে। আর পশ্চিম পাশের ব্লকে চলছে সংস্কার কাজ। হলের পুরনো এ ভবনে আড়াই হাজারের বেশি ছাত্রের মধ্যে দু'শতাধিককে টিনশেড ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। শহীদুল্লাহ হলের হীরকজয়ন্ত স্মরণিকা 'শতদল' থেকে জানা যায়, ১৯৭৪-৭৫ সালে সিমেন্টের সঙ্কট দেখা দেওয়ায় বর্ধিত ভবন-২ নির্মাণ করা হয় চুনসুড়কি দিয়ে। চুনসুড়কির এ ভবন নিয়ে শঙ্কিত অধ্যাপক হুমায়ুন আখতার। শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষক জসিম উদ্দিন জানান, এ ভবনে বসবাস করছে ৬ শতাধিক ছাত্র। জহুরুল হক হলের তিনতলা প্রধান ভবনও ঝুঁকিমুক্ত নয়। গত ১৪ জুন হলের ৩০৪ নম্বর কক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে এক ছাত্র গুরুতর আহত হয়। জহুরুল হক হলের এ ভবনে সাড়ে ছয়শ'র বেশি ছাত্র বাস করে বলে জানিয়েছেন প্রাধ্যক্ষ ড. জাহিদুল ইসলাম। অধ্যাপক হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। তাই ঢাকায় ভূমিকম্প হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলোই সর্বপ্রথম ধসে পড়বে।" তবে ভূমিকম্প ছাড়াও এগুলো ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.