২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন অধ্যাপক জামিলুর রেজা

যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 12:05 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিচ্ছে। আগামী ২০ অক্টোবর ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীসহ আরো চারজন গ্র্যাজুয়েটকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী-ই একমাত্র বাংলাদেশী যিনি কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে এ ধরনের ডিগ্রি পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ড. চৌধুরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৬৩ সালে বিএসসি (ইঞ্জি.) এবং যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে এমএসসি এবং ১৯৬৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৪ সালে কমনওয়েলথ একাডেমিক স্টাফ ফেলোশিপ লাভ করেন এবং যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ে এক বছর ভিজিটিং সহযোগী অধ্যাপক হিসেবে গবেষণা করেন। ড. চৌধুরী ১৯৬৩ সালে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ১৯৭৬ সালে একই বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। অধ্যাপক চৌধুরী ২০০১ সালের মার্চে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালের ২৮ ফেব্র"য়ারি অবসর গ্রহণ করেন। ড. চৌধুরী আন্তর্জাতিক জার্নাল এবং সম্মেলনে প্রায় ৬৫ টির মত গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। তিনি উচ্চ অট্টালিকা, কম খরচের আবাসন, ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ, ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আশ্রয় প্রকল্প, তথ্য-প্রযুক্তি ব্যবহার এবং নীতিনির্ধারণী বিষয় নিয়ে গবেষণা করেন। অধ্যাপক চৌধুরী বঙ্গবন্ধু (যমুনা) সেতু নির্মাণে বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ছিলেন এবং বর্তমানে তিনি পদ্মা সেতু নির্মাণের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান হিসেবে কাজ করছেন। ড. চৌধুরী বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন এর একজন ফেলো এবং ১৯৯২-৯৩ সালে এর সভাপতি ছিলেন। তিনি যুক্তরাজ্যের ইনষ্টিটিউট অব সিভিল ইঞ্জিনিয়ার্স এর অন্যতম ফেলো এবং একজন চার্টারড ইঞ্জিনিয়ার। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হন। প্রফেসর চৌধুরী বাংলাদেশ বোর্ড অব অ্যাকরেডিয়েশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন এর চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৭৫৭ ঘ.