ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী।
এ উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের।
বেলা ১১টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স অরেফিন সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সে প্রয়োজন পূরণের কিছুটা চেষ্টা করছে। গণমাধ্যম যাতে গণমানুষের জন্য হয় সেদিকে সাংবাদিকদের খেয়াল রাখতে হবে।"
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভাগের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিকালে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে আনন্দে মেতে উঠেন বিভাগের নবীন-প্রবীণ শিক্ষার্থী ও শিক্ষকরা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. গীতি আরা নাসরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/২১৩২ ঘ.
bdnews24