সিলেট, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নির্যাতনের কারণে সিলেট ক্যাডেট কলেজের ৪০/৫০ জন ক্যাডেট ক্যাম্পাস থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
শনিবার রাতে পালানোর সময় স্থানীয়দের সহয়তায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন তাদের ক্যাম্পাসে ফিরিয়ে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে ক্যাম্পাস থেকে ৪০-৫০ জন ক্যাডেট পালানোর উদ্দেশ্যে বেরিয়ে যায়। ওই সময় কলেজ কর্তৃপক্ষ কয়েকজনকে ফিরিয়ে আনতে পারলেও আরো ৩০-৪০ জন বিভিন্ন যানবাহনে করে কলেজ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শহরে চলে আসে।
পরে মজুমদারি এলাকা থেকে রাত ১০টার দিকে তাদের ফিরিয়ে আনা হয়।
ক্যাডেটদের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মজুমদারি এলাকার কয়েকজন সাংবাদিকদের জানান, কলেজে নির্যাতন করা হয় বলে তারা পালানোর চেষ্টা করেছে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, নির্যাতনের কারণে ক্যাডেটরা বেরিয়ে আসে। পরে কলেজ কর্তৃপক্ষ সংবাদ দিলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন নগরীর মজুমদারি এলাকা থেকে তাদের বুঝিয়ে কলেজে ফিরিয়ে নিতে সহায়তা করে।
এ ব্যাপারে কোনো ছাত্রের সঙ্গে কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24