২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারুল ইহসান নিয়ে বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ

বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পাঁচ শাখার কোনটি বৈধ, তা নির্ণয় করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 08:43 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পাঁচ শাখার কোনটি বৈধ, তা নির্ণয় করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতোমধ্যেই পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব রঞ্জিত কুমার সেন এ ধরনের একটি সার-সংক্ষেপ পাঠানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে স্বীকার করেছেন। তবে এর বেশি কিছু তিনি জানাতে রাজি হননি। দারুল ইহসানের পাঁচটি শাখার কোনটি বৈধ এ বিষয়ের নিষ্পত্তি করতে না পেরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অসহায়ত্ব প্রকাশ করে। শিক্ষা মন্ত্রণালয়ও তার সুরাহা করতে পারেনি। এর কারণ হিসেবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি শাখাই একই নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর দেখাচ্ছে। ফলে কারা জালিয়াতি করছে, তা স্পষ্ট নয়। নিবন্ধন নম্বর সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট-১৮৬০ এর আওতায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে নেওয়া বলে কর্মকর্তারা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সপ্তাহ খানেক আগে বিশ্ববিদ্যালয়ের অবৈধ আউটার ক্যাম্পাস, অবৈধ মালিকানাসহ সব অরাজক পরিস্থিতি বর্ণনা করে বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ওই সার-সংক্ষেপে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ সুপারিশ চ্যান্সেলরের কার্যালয়ে পাঠানো হবে। এরপর চ্যান্সেলর রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুমোদন দেওয়ার পর বিচার বিভাগীয় কমিশন গঠনের জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। দারুল ইহসান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ১৯৯৩ সালের ১৯ আগস্ট। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের মধ্যে দু'টি পক্ষ হয়ে যায়। প্রতিষ্ঠাকালীনসময় উপাচার্য ছিলেন অধ্যাপক মনিরুল হক। এরপর ২০০৬ সালে সৈয়দ আলী নকী ট্রাস্ট থেকে বেরিয়ে নতুন দু'জন এবং পুরাতন ট্রাস্টের ২৬ জনের মধ্যে ৯ জনকে নিয়ে আলাদা ট্রাস্টি বোর্ড গঠন করে। ২০০৮ সালে আলী নকী মারা যাওয়ার পর এ ট্রাস্টিরা আরো কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। বর্তমানে পাঁচটি অংশের অধীনে পাঁচজন উপাচার্য নিয়ে এ বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৪৩০ ঘ.