চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার ক্যাম্পাসে আড়াই ঘণ্টার ব্যবধানে দুই দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় গণিত বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম আহত হন।
আহত শিক্ষার্থী শহিদুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে চবি কলা অনুষদের ঝুপড়ি সংলগ্ন এলাকায় ও দ্বিতীয় দফায় বিকাল সাড়ে ৪টায় স্টেশন চত্বরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
চবি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটায় শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন 'উল্কা'র সদস্য ইতিহাস বিভাগের (সম্মান) শিক্ষার্থী তানভীর আহমেদ ও ফারুক আহমেদ 'সিএফসি' গ্র"পের শহিদুল ইসলামের ওপর হামলা চালায়।
তিনি জানান, চবি মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফেরার পথে বিকাল সাড়ে ৪টায় রেলস্টেশন চত্বরে আবার শহিদুলের ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এই ঘটনার জের ধরে ক্যাম্পাস স্টেশনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
'উল্কা' মহানগর আওয়ামী লীগনেতা আজম নাছির সমর্থিত এবং 'সিএফসি' সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগনেতা মামুনুর রশিদ মামুন সমর্থিত ছাত্রলীগের নিয়ন্ত্রিত।
চবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যক্তিগত বিরোধের কারণে এই ঘটনা ঘটতে পারে। এতে ছাত্রলীগের কারো সম্পৃক্ততা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২০১৩ ঘ.
bdnews24