২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 'মহামিলন' শুরু

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় 'মহামিলন'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 06:07 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় 'মহামিলন'। শনিবার সকাল সাড়ে নয়টায় জাতীয়, বিশ্ববিদ্যালয় ও অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মহামিলনের আনুষ্ঠানিকতা। আগের ধারা ঐতিহ্য অনুুযায়ী এবারের মহামিলনে উপস্থিত জ্যেষ্ঠতম সদস্য মিছবাহুল বাহার চৌধুরীকে প্রধান অতিথি করা হয়। মিছবাহুল বাহার চৌধুরী ১৯৪০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে রচিত গান ও স্মৃতিচারণের পর্ব। চলে দুপুরের খাবারের আগ পর্যন্ত। দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র প্রভৃতি। পুরনো বন্ধুরা আড্ডায়ও মেতে ছিলেন। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি মিছবাহুল বাহার চৌধুরী বলেন, "আমাদের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই ধরনের শিক্ষা ছিল। একটি পরিবেশ থেকে শিক্ষা। অন্যটি অ্যাকাডেমিক শিক্ষা। এই দুইটি মিলেই শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হওয়ার দিকে এগিয়ে যেত। আজ দুইটি ক্ষেত্রেই সঙ্কট চলছে।" আক্ষেপ করে মিছবাহুল বাহার বলেন, "আজ পেছনে ফিরে তাকালে দীর্ঘশ্বাস চলে আসে। মনে হয় সেসময় যেন মর্ত্যে থেকেও কিছুকালের জন্য স্বর্গে ছিলাম।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তুলে ধরে বলেন, "শুধু একটি বিশ্ববিদ্যালয়ই নয়। এটি বাংলাদেশের ইতিহাসের জীবন্ত কিংবদন্তী। দেশ যখনই কোন সমস্যায় পড়েছে তখনই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এগিয়ে এসেছে।" ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার মান উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনই মূল ভূমিকা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এখানকার সঙ্কট নিরসনে এগিয়ে আসতে পারে। প্যাণ্ডেলে দশক অনুযায়ী সাজানো ছিল টেবিল। জীবনের সোনালী দিনের বন্ধুদের সঙ্গে দেখা হয়ে আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন সাবেক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনখ্যাত শহীদ মধুদার জামাতা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিহির কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডককমকে বলেন, "এসে দেখলাম এটা সত্যিই এক মহামিলন মেলা। এখানে আসার পর সবাই ফিরে গেছে সবার স্ব-স্ব জীবনের সোনালী অধ্যায়ে।" আনন্দ উৎসবের পরিবেশে রাজনৈতিক বিতর্ক উঠে আসায় একটু কালিমার ছোঁয়া লাগে। মুক্তিযোদ্ধা ছাত্রদের পরিচয় করিয়ে দিতে তাদের মঞ্চে ডাকেন ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মান্নান চৌধুরী। এসময় উপস্থিত অনেক মুক্তিযোদ্ধা 'জয় বাংলা' 'জয় বঙ্গবন্ধ'ু স্লোগান দেন। বিএনপি সমর্থক কিছু অ্যালামনাই সদস্য এতে দলীয়করণের অভিযোগ তোলেন। তবে মুক্তিযোদ্ধারা পাল্টা বলেন, 'জয় বাংলা' কোন দলীয় স্লোগান নয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী সবাইকে শান্ত করেন। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি হাবিবুর রহমান, বিচারপতি মোস্তফা কামাল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক একে আজাদ চৌধুরী, অধ্যাপক এসএমএ ফায়েজ, বাণিজ্যমন্ত্রী কর্ণেল (অব.) ফারুক খান এমপি, বিরোধী দলীয় চীফ হুইফ জয়নাল আবেদীন ফারুক, বিএনপির স্থায়ী কমিটির সদস আব্দুল মঈন খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাংসদ মাইনউদ্দিন খান বাদল, আসম আব্দুর রব, সাংবাদিক শফিক রেহমান, মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫০ঘ.