ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে' ভারত সফর শেষে দেশে ফেরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এই কর্মসূচি পালন করে।
দুপুর পৌনে ১টায় মধুর ক্যান্টিন থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলায় এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। সংগঠনের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০৩০ঘ.
bdnews24