২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেতার নিরাপত্তাসহ ছাত্রমৈত্রীর ৭ দফা দাবি

রাজশাহী মহানগর শাখা ছাত্রমৈত্রীর দুই শীর্ষ নেতার জীবনের নিরাপত্তাসহ ৭ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 01:05 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগর শাখা ছাত্রমৈত্রীর দুই শীর্ষ নেতার জীবনের নিরাপত্তাসহ ৭ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার দুপুরে ঢাবির ডাকসু ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে ৭ দফা দাবি সম্বলিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম সুজন। এর মধ্যে রয়েছে- সানি হত্যাকারীদের বিচার, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন, লাশ 'ছিনতাইয়ের উদ্দেশ্যে' হামলাকারীদের বিচার, রাজশাহী ছাত্র মৈত্রীর সভাপতি মতিউর রহমান মতি ও সাধারণ সম্পাদক আফসারুজ্জামান সুমনের জীবনের নিরাপত্তা দান, সানির শিক্ষা প্রতিষ্ঠানে তার নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করা প্রভৃতি। রফিকুল ইসলাম দাবি করেন, ছাত্রলীগের ভর্তি বাণিজ্যে বাধা দেওয়ায় সানিকে প্রাণ দিতে হয়েছে। তিনি অভিযোগ করেন, আটক চার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে নানা চেষ্টা চলছে। এছাড়া ছাত্র মৈত্রী নেতাদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এ সময় দাবি আদায়ে ৩ দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে- ১৩ জানুয়ারি সারা দেশের সব প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, ১৬ জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, ২১ জানুয়ারি ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এবং জেলা ও থানায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ। বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সানি মারা যান। আহত হন সভাপতি কাজী মোতালেব হোসেন জুয়েল ও আরেক সহ-সভাপতি শেরাফত আলী ওরফে বুলবুল। ঘটনার পরপরই ইনস্টিটিউটের এক ছাত্রাবাস থেকে নাজমুল হুদা, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম মানিক ও নাহিদ সারোয়ার নামে চার ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। রাতে বোয়ালিয়া থানায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন সানির বাবা মনোয়ার হোসেন চৌধুরী। ওই চারজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৮৫৭ঘ.