সিলেট, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় (এগ্রোফরেস্ট জার্মপ্লাজম সেন্টার) আগুন লেগে প্রায় ৮০ শতাংশ গাছের চারা গাছ পুড়ে গেছে।
শনিবার দুপুরবেলা সংগ্রহশালা থেকে ধোঁয়ার কুণ্ডুলী বের হতে দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে গিয়ে দেখেন পুরো সংগ্রহশালার ঘাস আগুনে পোড়া।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ঘটনাটি রহস্যজনক।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, দুপুর ২টার দিকে পোড়া গন্ধ পেয়ে সংগ্রহশালায় গিয়ে দেখা যায় সেখানে আগুন নিভু নিভু করে জ্বলছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে ঘটনাটি পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ জানায়, দুই একর জায়গায় বনজ, ফলদ ও ঔষধী গাছের এই সংগ্রহশালাটি গড়ে তোলা হয়। গত বছরের ৭ জুলাই সংগ্রহশালাটি উদ্বোধন করা হয়েছিল।
সংগ্রহশালার পরিচালক ও কৃষি অনুষদের কৃষি বনায়ন বিভাগের সহকারী অধ্যাপক সামিউল আহসান তালুকদার জানান, সিলেট অঞ্চলের কিছু ফলসহ ৬০ প্রজাতির ৬০০ চারা রোপন করা হয়েছিল। আগুনে ৮০ শতাংশ চারা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। যারা আগুন দিয়েছে, তারা জেনেশুনে ও বুঝেই আগুন দিয়েছে। এদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ক্যাম্পাসে থাকা সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, ক্যাম্পাসে মোতায়েন পুলিশ কেবল প্রধান ফটকের সামনে অবস্থা করছে। এখান থেকে পুরো ক্যাম্পাসে নজরদারি করা সম্ভব নয়।
গাছের সংগ্রহশালায় আগুন লাগার ঘটনাটি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24