ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ইংরেজি সংস্করণের বইও এবার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করবে সরকার।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক পর্যায়ে ইংরেজি সংস্ককরণের দুই থেকে আড়াই লাখ বই প্রয়োজন। বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কাছে ১ লাখ ৪১ হাজার ৬৪৮টি বই মজুদ রয়েছে। অতিরিক্ত বইয়ের চাহিদাও এনসিটিবি পূরণ করবে।"
এনসিটিবি প্রকাশিত এসব বই আগে শিক্ষার্থীদের কিনতে হতো।
বিষয়ভিত্তিক সব শিক্ষককে একটি করে বই পাঠানো হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এর ফলে শিক্ষকদের পড়াতে সুবিধা হবে।
কিন্ডারগার্টেনেও বিনামূল্যে বই সরবরাহের ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
ওদিকে, প্রথমবারের মতো এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৮৩টি পাঠ্যপুস্তক ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যে কেউ সেখান থেকে প্রিন্ট করতে পারবে।
গত ২ জানুয়ারি থেকে সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ শুরু করেছে।
অতীতে কেবল প্রাথমিক স্তরে বিনামূল্যে বই দেওয়া হতো।
গত ১৭ অক্টোবর তেজগাঁওয়ে এনসিটিবির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন নির্ধারিত সময়ের মধ্যেই বই বিতরণ শুরুর।
এ বছর প্রায় ২ কোটি ৭৬ লাখ ৬২ হাজার শিক্ষার্থীর জন্য ১৮ কোটি ৬৪ লাখ ২৭ হাজার পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরে ৭ কোটি ৮ লাখ ১০ হাজার ৯০৭ এবং মাধ্যমিক স্তরে ৭ কোটি ৪৮ লাখ ৭ হাজার ২২২ কপি বই রয়েছে।
এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এবতেদায়ি স্তরে ১ কোটি ৭৪ লাখ ৫ হাজার ২৩৮ এবং দাখিল স্তরে ১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ১৪৬ কপি বই ছাপানো হয়েছে। কারিগরি শিক্ষা স্তরের জন্য ছাপানো বইয়ের সংখ্যা ১৬ লাখ ৪০ হাজার ৪৩৭ কপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এজে/জিএনএ/১৯০২ ঘ.
bdnews24