রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ ও ছাত্রশিবির নেতাকর্মীরা দল বেঁধে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে।
এ সময় শিবিরের নেতাকর্মীদের বাধা দেওয়ায় তারা প্রক্টর ও এক সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে ৪০/৫০ জন শিবির নেতা-কর্মী ক্যাম্পাসে প্রদক্ষিণ করে। তারা কলা ভবনের সামনে এলে প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া ও সহকারী প্রক্টর মুসতাক আহমেদ বাধা দেন।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শিবির নেতা-কর্মীরা ওই দুই শিক্ষককে ধাক্কা দেয়। এরপর আরো ২০/২৫ জন শিবির কর্মী এসে শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, শিবির প্রক্টরিয়াল বডির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা কর্মকাণ্ড চালাচ্ছে তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
শিবির সভাপতি শামসুল আলম গোলাপ সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ মহড়া (দল বেধে ক্যাম্পাস প্রদক্ষিণ) দেওয়ায় তাদের কর্মীরাও নবীনদের শুভেচ্ছা জানাতে শান্তিপূর্ণ র্যালি করেছে।
একই সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও বিভিন্ন দলে ভাগ হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে রাবি ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম হোসেন মুন বলেন, দল বেঁধে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংগঠনবিরোধী কাজ করায় এরশাদ হোসেন নামের এক ছাত্রনেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বাকিদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
এরশাদ হোসেন বলেন, নবীনদের শুভেচ্ছা জানাতে তারা দল বেঁধে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছেন।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বছরের ১৩ মার্চ ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়। এরপর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ১ জুন আবার খুলে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24