ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত শিক্ষানীতির ওপর মতামত দেওয়ার সময়সীমা বাড়ানোর চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
এখন পর্যন্ত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মতামত দেওয়ার সময় নির্ধারিত রয়েছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন মহলের অনুরোধে শিক্ষানীতির বিষয়ে মতামত দেওয়ার সময়সীমা বাড়ানোর চিন্তা-ভাবনা রয়েছে।
"তবে এখনও সময় বাড়ানোর কোন সিদ্ধান্ত হয়নি। আরও দুই-তিন সময় আছে। তারপর দেখা যাবে, সময় বাড়ানোর প্রয়োজন কতটুকু। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।"
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৮ এপ্রিল অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন কমিটি- ২০০৯ ঘোষণা করা হয়। কমিটি ২ সেপ্টেম্বর তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়।
এতে প্রাথমিক শিক্ষার স্তরকে অষ্টম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক স্তরকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা, সব ধারার পাঠ্যসূচিতে কিছু অভিন্ন বিষয় বাধ্যতামূলক এবং একটি জাতীয় শিক্ষা কমিশন গঠনসহ বেশ কিছু সুপারিশ করা হয়।
শিক্ষামন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার দুইদিন পর সেটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। একই দিন থেকে সব শ্রেণীর মানুষের মতামত জানার জন্য জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়। এতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মতামত দিতে বলা হয়।
শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে প্রচুর মতামত পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন মহল থেকে মতামত দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসএইচ/২০৩৩ ঘ.
bdnews24