ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া ৪৫-তম সমাবর্তন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সমাবর্তন প্রস্তুতি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাইওয়ানের তাইপেইস্থ জেনোমিক রিসার্চ সেন্টারের ইনস্টিটিউট অব এটোমিক এন্ড মলিকুলার সায়েন্সেস্-এর একাডেমিয়া সিনিকার প্রেসিডেন্ট ইমেরিটাস প্রফেসর ইউয়ান টি. লী এবারের সমাবর্তনে 'সমাবর্তন বক্তা' হিসেবে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউয়ান টি. লী ১৯৮৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাকে সম্মানসূচক 'ডক্টর অব সায়েন্স' ডিগ্রীও দেওয়া হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুস্সামকে সম্মানসূচক 'ডক্টর অব সায়েন্স' এবং ইতিহাসবিদ ও ভারতবর্ষের ইতিহাস চর্চার নতুন ধারার প্রবর্তক অধ্যাপক রণজিৎ গুহকে সম্মানসূচক 'ডক্টর অব লিটারেচার' ডিগ্রী দেওয়া হবে।
অধ্যাপক হুস্সাম খাবার পানি থেকে আর্সেনিক দূরীকরণের জন্য 'সনো-ফিল্টার' উদ্ভাবন করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমী অব ইঞ্জিনিয়ার্স-এর ২০০৭ সালের গ্রেইঞ্জার চ্যালেঞ্জ স্বর্ণপদক লাভ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় কমিটি এবং ২৪ টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
স্থগিত ৪৫-তম সমাবর্তনে অংশ নেওয়ার জন্য এর আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা ছাড়াও ৪৪ তম সমাবর্তনের পর থেকে এ পর্যন্ত যে সকল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সকলেই এতে অংশ নিতে পারবেন।
এর আগে সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশনকারীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবেনা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, সমাবর্তনে অংশ নেওয়ার জন্য ২০ অক্টোবর থেকে ফরম বিতরণ শুরু এবং জমা দেওয়ার শেষ তারিখ ১২ নভেম্বর।
পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ ফরম বিতরণ করা হবে।
স্নাতক (পাস ও অনার্স/সমমান) গ্র্যাজুয়েট এবং পদকপ্রাপ্তদের সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি ৭৫০ টাকা এবং অন্যান্য গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএইচ/২২২৩ ঘ.
bdnews24