২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসের ফল নিয়ে পিএসসিতে বিক্ষোভ

২৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে স্বচ্ছতার অভাব রয়েছে অভিযোগ করে বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে বিক্ষোভ করেছে একদল পরীক্ষার্থী। তারা পিএসসি চেয়ারম্যানকেও কার্যালয়ে ঢুকতে বাধা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 09:04 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে স্বচ্ছতার অভাব রয়েছে অভিযোগ করে বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে বিক্ষোভ করেছে একদল পরীক্ষার্থী। তারা পিএসসি চেয়ারম্যানকেও কার্যালয়ে ঢুকতে বাধা দেয়। ২৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফল বুধবার প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৮৮১ জন। বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের দাবি, তারা ভালো পরীক্ষা দিলেও উত্তীর্ণের তালিকায় তাদের নাম নেই। শতাধিক পরীক্ষার্থী সকাল ৯টা থেকে পিএসসি'র সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। হাফিজ আল আসাদ নামে এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রেজাল্টে কোনও স্বচ্ছতা ছিল না। অনেক মেধাবী ছাত্রের নাম তালিকায় নেই।" আরেক বিক্ষোভকারী নীহার রঞ্জন দাস বলেন, "তালিকায় আমাদের নাম না পেয়ে আমরা ক্ষুব্ধ হয়েছি। পিএসসি'র নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি জমা দিয়ে নম্বরপত্র প্রাপ্তির জন্য আবেদন করার বিধান রয়েছে জেনে আমরা আবেদন করতে গেলে কর্মকর্তারা এ বিষয়টি সম্পর্কে কোনও কিছু জানাতে চায়নি।" দুপুর পৌনে ১২টার দিকে পিএসসি চেয়ারম্যান ড. সা'দত হোসাইন কার্যালয়ে ঢুকতে গেলে তাতে বাধা দেয় বিক্ষোভকারীরা। পরে পুলিশ পাহারায় তিনি ঢোকেন। এর পরপরই বিক্ষোভকারীদের দুই জন প্রতিনিধি পিএসসি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। প্রকৌশলী অরুণ চৌহান এবং ডা. এ এইচ এম মঞ্জুর উদ্দিন নামে ওই দুজন জানান, নম্বরপত্র প্রাপ্তির জন্য কমিশনের যে বিধান রয়েছে তা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে তাদের পিএসসির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তারা জানান, নম্বরপত্র পেতে চায় এমন পরীক্ষার্থীদের একটি তালিকাও তারা জমা দিয়েছেন। দুপুর ১টার পর বিক্ষোভাকারীরা পিএসসি সচিবালয় এলাকা ছাড়ে। এ বিষয়ে কাফরুল থানার সহকারী উপ পরিদর্শক মাসুদ শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিক্ষুব্ধ কিছু ছেলে পিএসসি'র সামনে বিক্ষোভ করছিল। দুপুরের দিকে তারা চেয়ারম্যানকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তখন পুুলিশ প্রহরায় চেয়ারম্যান ভিতরে যান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১৫২০ ঘ.