২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সাত বিষয়ে ভর্তির শর্তের ব্যাপারে সিদ্ধান্ত ২ সেপ্টেম্বর

বাংলা ও ইংরেজিতে উচ্চ মাধ্যমিকে দু'শ নম্বরের পরীক্ষা না দেওয়া শিক্ষার্থীরা ঢাবিতে ২০০৯-১০ শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবে কিনা আগামী ২ সেপ্টেম্বর তা চূড়ান্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা ও ইংরেজিতে উচ্চ মাধ্যমিকে দু'শ নম্বরের পরীক্ষা না দেওয়া শিক্ষার্থীরা ঢাবিতে ২০০৯-১০ শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবে কিনা আগামী ২ সেপ্টেম্বর তা চূড়ান্ত হবে। সোমবার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এবং অর্থনীতি বিভাগে পড়ার যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজি থাকার শর্ত রয়েছে। সভা শেষে উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজি ছিল না এমন শিক্ষার্থীরা ওইসব বিভাগে ভর্তি হতে পারবে কিনা এ ব্যাপারে ২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে বিভাগের আগের সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে কিনা- এ বিষয়েও একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। ২০০৭-০৮ শিক্ষাবর্ষ থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ভাষাবিজ্ঞান এবং অর্থনীতি বিভাগে বাংলা ও ইংরেজিতে দু'শ নম্বর থাকা বাধ্যতামূলক করা হয়। এর আগে প্রায় দশ বছর ধরে শুধু ইংরেজি ও বাংলা বিভাগে এ নিয়মটি চালু ছিল। নতুন বিভাগগুলোতে নিয়মটি চালুর পরপরই মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলনে নামে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের মাত্র ১০০ নম্বরের বাংলা ও ইংরেজি পড়ানো হয়। কিন্তু অন্যান্য শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজি বাধ্যতামূলক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা এর পক্ষে যুক্তি হিসেবে বলেন, কয়েকটি বিষয়ে উচ্চশিক্ষার জন্য ভাষাগত দক্ষতার একটি গ্রহণযোগ্য মানের প্রয়োজনে ওই নাম্বারের বাধ্যবাধকতার প্রয়োজন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসকে/২১৫৪ঘ.