২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি'র ভর্তি ফরম বিতরণ শুরু ১০ সেপ্টেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষার ফরম বিতরণ চলবে ১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। এবার ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশত টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষার ফরম বিতরণ চলবে ১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। এবার ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশত টাকা। সোমবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ এর সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের মত এবারও সব অনুষদ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ (মাল্টিপল চয়েজ কোয়েশ্চন) পদ্ধতিতে হবে। ভর্তিচ্ছুদের ২০ অক্টোবরের মধ্যে ফরম জমা দিতে হবে। এবার নিয়মিত ও কোটা মিলিয়ে ৩০০ আসন বাড়ানো হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩৫টি বিভাগ ও দু'টি ইনস্টিটিউটে আসন রয়েছে ৩ হাজার ৭৫টি। ভর্তি ফরম পাওয়া যাবে অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শহরের কাপাসগোলা, নিউমার্কেট, আগ্রাবাদ ও ঢাকার ফার্মগেট শাখায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন জানান, ৮ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'গ' ইউনিটের ব্যবসায় প্রশাসন অনুষদের (উচ্চ মাধ্যমিক ব্যবসায় শাখা, ডিপ্লোমা ইন কমার্স ও বিজনেস স্টাডিজ) পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ৯ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'ক' ইউনিট (বিজ্ঞান অনুষদ), একইদিন দুপুর আড়াইটায় 'চ' ইউনিটের (ইনস্টিটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) পরীক্ষা হবে। ১০ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'জ' ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ), দুপুর আড়াইটায় 'ছ' ইউনিট (ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেস), ১১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'গ' ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান ও মানবিক শাখা) পরীক্ষা হবে। এছাড়া ১২ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'ঘ' ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'ঙ' ইউনিট (আইন অনুষদ), ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'খ' ইউনিট (কলা অনুষদ), ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'খ' ইউনিটের (চারুকলা, আরবি-ফার্সি, ইসলামী স্টাডিজ, পালি ও সংস্কৃত) ভর্তি পরীক্ষা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএল/এসএইচ/২০২৭ ঘ.