চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ওপর হামলার অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পাঁচদফা দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।
এ সব দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে পাঁচ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে তারা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি বোর্ডের সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রলীগ মঙ্গলবার ক্যাম্পাসে মিছিল বের করলে প্রক্টরসহ কয়েকজন শিক্ষক বাধা দেন। তখন ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে ওই শিক্ষকরা অভিযোগ করেন।
এরপর চার ছাত্রলীগ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্রলীগের অন্য দাবিগুলো হলো- গত ১৪ মে ছাত্রলীগ কর্মীদের উপর হামলাকারী শিবিরকর্মীদের বহিষ্কার, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিবিরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে সব ছাত্রসংগঠনের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত এবং সব হলে নতুন করে আসন বণ্টন।
উপ-উপাচার্য আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের দাবিগুলো বিবেচনা করে দেখবে।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের দাবিগুলো আদায় করতে নিয়মতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। পাঁচ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। দাবি না মানলে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/আরএ/এমআই/১৯০০ ঘ.
bdnews24