রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের আগস্টে ছাত্র বিক্ষোভের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।
রোববার রাবির প্রগতিশীল-শিক্ষক সমাজ দিনটিকে 'ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস' হিসেবে পালন করে।
এ ছাড়া ওই ঘটনায় নির্যাতিত শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে বেলা ১২টার পর বিশ্ববিদ্যালয়ে কোনো পাঠদান হয়নি।
দিনটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করে।
শিক্ষক সমাজের উদ্যোগে সকাল ১০টায় সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমাজের আহ্বায়ক মোজাফফর হোসেন বলেন, "শিক্ষক-ছাত্রদের দণ্ড মওকুফ হলেও তারা অপরাধের কলঙ্ক এখনও বয়ে বেড়াচ্ছেন। চাকরি ও বিদেশ যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন, যা জাতির জন্য অত্যন্ত লজ্জাকর।"
তিনি দণ্ডপ্রাপ্ত শিক্ষক-ছাত্রদের মামলা অবিলম্বে প্রত্যাহার এবং বিনা কারণে শিক্ষকদের রিমাণ্ডে নিয়ে নির্যাতনকারী অশুভ শক্তির মুখোশ উন্মোচন ও ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন, আগস্ট বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া শিক্ষক ও বর্তমান উপাচার্য আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্, ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার, চৌধুরী সারোয়ার জাহান, দুলাল বিশ্বাসসহ শিক্ষক সমাজের নেতারা।
এদিকে রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে বেলা সাড়ে ১১টায় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাদের শাপ মোচনের জন্য তিনি বর্তমান সরকারের কাছে দাবি জানান।
অধ্যাপক দুলাল বিশ্বাস বলেন, সেনা সমর্থিত সরকারের চাপিয়ে দেওয়া দায় নিয়ে ছাত্র-শিক্ষকরা দোষী হয়ে থাকতে চায় না।
আরও বক্তব্য রাখেন- গাড়ি পোড়ানোর মামলায় কারামুক্ত শিক্ষার্থী সরদার আয়াজ, সাখাওয়াত হোসেন, আবু সায়েম, আমানুল্লা, দ্বীপ প্রমুখ।
এরপর দুপুরে রবীন্দ্র ভবনের সামনে সাংস্কৃতিক জোট গণসঙ্গীত ও নাটক পরিবেশন করে।
এছাড়া 'মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন'র কর্মীরা সাংবাদিকতা বিভাগের সামনে আলোচিত্র প্রদর্শনী করেন।
২০০৭ সালের আগস্টে ছাত্র বিক্ষোভের ঘটনায় পুলিশ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএআই) এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করে। গ্রেপ্তার করা হয় আট শিক্ষককে।
ছাত্রবিক্ষোভে উস্কানি দেওয়ার মামলায় অধ্যাপক মলয় ভৌমিক, দুলাল বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আব্দুলাহ আল মামুনের দুই বছরের সাজা হয়। পরে রাষ্ট্রপতির আদেশে তারা মুক্তি পান।
ডিজিএফআই'র গাড়ি পোড়ানোর মামলায় ১০ ছাত্রসহ এক কর্মচারীর তিন বছরের সাজা হয়। তারাও রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান।
বিশ্ববিদ্যালয়ের সম্পদ ভাঙচুরের মামলায় রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়েন উদ্দীন ও কর্মী দীপায়ন সরকারকে আসামি করা হয়। মামলাটি এখনও বিচারাধীন আছে।
রংপুর প্রতিনিধি জানান, ২০০৭ সালের আগস্টে ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনার স্মরণে রোববার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচির আয়োজন করেন।
দিনটিকে তারা কালো দিবস হিসেবে পালন করেন।
এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ এবং দুপুরে ক্যাম্পাসে কালো পতাকা নিয়ে মিছিল ও সমাবেশ করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা যোগ দেন।
দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পায়রা চত্বরে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আইনুল হক, ড. তাজুল ইসলাম, আপেল মাহমুদ, ড. শরীফা সালাহ উদ্দিন এবং শিক্ষার্থীদের পক্ষে আরিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24