ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছর ২৩ আগস্ট 'কালো দিবস' পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২০-২৩ আগস্ট বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত 'অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয়' ঘটনা স্মরণে এ কালো দিবস পালন করা হবে।
বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এবার 'কালো দিবস' পালন উপলক্ষে ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা কালো ব্যাজ ধারণ করবেন। অন্যান্য কর্মসূচির মধ্যে ওই দিন সকাল ১১ টা থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ স্থগিত থাকবে। এছাড়া সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২০০৭ সালের ২০ আগস্ট জরুরি অবস্থার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে স্থাপিত সেনা ক্যাম্পের সদস্যদের সঙ্গে ছাত্রদের কথাকাটাকাটি নিয়ে সংঘাতের সূত্রপাত হয়। এক পর্যায়ে সেনা সদস্যরা ছাত্রদের মারধর করে।
এরপর সারা দেশে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে যার ধারাবাহিকতায় বহু শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষককে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়। সেনাসদস্য ও অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাস ও এর বাইরে রেইড চালিয়ে অনেক শিক্ষার্থীকে মারধরও করে। পরে আন্দোলনের মুখে শিক্ষক ও ছাত্রদের দণ্ডাদেশ রাষ্ট্রপতি মওকুফ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএইচ/এসকে/১৯০২ঘ.
bdnews24