ঢাকা আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- রাজধানীর আহসানউল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রোববার আত্মহত্যা করেছে।
ফারিয়া ফাইরুজ বাধঁন নামের ওই ছাত্রী আত্মহত্যা করার আগে এক সহপাঠীর সঙ্গে কথা বললে সে ছাত্রী নিবাস কর্তৃপক্ষকে ফোন করে তা ঠেকানোর অনুরোধ করেছিল। তার কথা মতো মেয়েটির কক্ষে গিয়ে দেখা যায় সে ইতিমধ্যেই সিলিং ফ্যানে ফাঁসি নিয়েছে।
তেজগাঁও থানার উপ পরিদর্শক জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফার্মগেটের বেগম মাহমুদ ছাত্রী নিবাসে বেলা একটার দিকে ওই আত্মহত্যার ঘটনা ঘটে। হোস্টেলের ৫ তলার ৫১৮ নম্বর কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করা করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
যে যুবক আগেই ফোন করে সাবধান করে দিয়েছিল সে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রুশদী সেলিম প্রানজয় নামে ওই যুবককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। উপ পরিদর্শক জানে আলম বলেন, বাঁধনের সঙ্গে তার প্রেম ছিল বলে তারা জানতে পেরেছেন।
উপ পরিদর্শক জানান, হোস্টেলের কর্মচারি রিপন পুলিশকে বলেছেন বেলা পৌনে ১টার দিকে হোস্টেলে এক ব্যক্তি ফোন করে ৫ তলার ৫১৮ নম্বর কক্ষে গিয়ে মেয়েটির আত্মহত্যা ঠেকানোর জন্য অনুরোধ করে। একই সঙ্গে সে নিজেও আসছে বলে জানায়।
পুলিশ কর্মকর্তা জানান, এরপরেই রিপনসহ কয়েকজন ৫ তলায় যায় এবং দরজা ভেঙে দেখে বাঁধন ওড়না গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এরই মধ্যে প্রানজয় নামের যুবকটি এসে নিজেকে বাঁধনের পরিচিত উল্লেখ করে বলে সে-ই সাবধান করে দিয়ে ফোন করেছিল।
তিনি বলেন, বাঁধনের মৃত্যুর আগে তার সঙ্গেই শেষ কথা হয়েছে বলে জিজ্ঞাসাবাদের জন্য প্রানজয়কে থানায় নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২০২১ঘ.
bdnews24