২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যবই বিতরণে বিভাগীয় পর্যায়ে তদারক কমিটি

শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই পরিবহন, গুদামজাতকরণ ও বিতরণ কাজ তদারকির জন্য বিভাগীয় পর্যায়ে কমিশনারের নেতৃত্বে একটি করে কমিটি গঠন করেছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ কমিটি গঠন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 12:48 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই পরিবহন, গুদামজাতকরণ ও বিতরণ কাজ তদারকির জন্য বিভাগীয় পর্যায়ে কমিশনারের নেতৃত্বে একটি করে কমিটি গঠন করেছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ কমিটি গঠন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী। এ কমিটি প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক পরিবহন, গুদামজাতকরণ ও বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সরকার প্রাথমিকের পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরেও বিনামূল্যে পাঠ্যবই বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া প্রাথমিকের সব শিশুকেই নতুন বই দেওয়া হবে। আগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন বই দেওয়া হলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিশুদের অর্ধেক নতুন ও অর্ধেক পুরনো বই দেওয়া হতো। এজন্য এবার মোট ২১ কোটি বই ছাপাতে হবে। এর আগে এই পাঠ্যবই মুদ্রণের জন্য কাগজ ক্রয়, মুদ্রণ, ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আখতারুজ্জামানকে প্রধান করে জাতীয় পর্যায়ে ১৬ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। গত শনিবার পাঠ্যবই নিয়ে এক মতবিনিময় সভায় আখতারুজ্জামান যথাসময়ে বই মুদ্রণ ও বিতরণ করা হবে জানিয়ে বলেন, "মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ও কারিগরি স্তরের বই ৩০ অক্টোবর, প্রাথমিকের আংশিক বই ২০ নভেম্বর এবং অবশিষ্ট বই ৩০ নভেম্বরের মধ্যে জেলার সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।" সোমবার গঠন করা তদারক কমিটির অন্য সদস্যরা হলেন সংশ্লিষ্ট রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), সংশ্লিষ্ট বিভাগের সকল জেলা প্রশাসক, সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা), মাধ্যমিক বিদ্যালয়ের (সরকারি/বেসরকারি) দুইজন করে শিক্ষক প্রতিনিধি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষক প্রতিনিধি, বিভাগীয় কমিশনারের মনোনীত একজন সাংবাদিক, একজন আইনজীবী, একজন শিক্ষানুরাগী, একজন সমাজসেবক। সদস্য সচিব হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক (মাধ্যমিক)। তবে কমিটি প্রয়োজনে আরো সদস্য কো-অপ্ট করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পাঠ্যবই নিয়ে যাতে কোনো সঙ্কট সৃষ্টি না হয় সেজন্য আগে থেকেই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/১৯০০ ঘ.