মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা,আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ (২০১০-১১) থেকে দাখিল স্তরে বাংলা ও ইংরেজি বিষয়ে একশ' নম্বরের পরিবর্তে দুইশ' নম্বরের কোর্স বাধ্যতামূলক করা হচ্ছে।
মাদ্রাসার দাখিল সাধারণ শিক্ষার নবম-দশম শ্রেণীর সমমান।
পর্যায়ক্রমে আলীম স্তরেও এটি বাধ্যতামূলক করা হবে।
মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসুফ শনিবার এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী শিক্ষাবর্ষ থেকেই দাখিল স্তরে বাংলা ও ইংরেজির প্রতিটিতে দু'শ নম্বরের কোর্স বাধ্যতামূলকভাবে চালু হবে। এজন্য পাঠ্যবইও সেভাবে ছাপানো হচ্ছে।"(বিস্তারিত)
বোর্ডের চেয়ারম্যান জানান, দাখিলে বাধ্যতামূলক 'ইসলামের ইতিহাস' বিষয়টি ঐচ্ছিক হিসেবে থাকবে। তবে ইসলামের ইতিহাসের কিছু বিষয় আলাদা অধ্যায় হিসেবে সামাজিক বিজ্ঞান বইতে অন্তর্ভুক্ত হবে।
দাখিল ও আলীম স্তরে বাংলা ও ইংরেজিতে মাত্র এক শ' নম্বরের কোর্স চালু থাকায় উচ্চতর শ্রেণীতে ভর্তির সময় এসব শিক্ষার্থীরা নানা সমস্যায় পড়েন। সাধারণ শিক্ষার ক্ষেত্রে দাখিলের সমমান নবম দশমে বাংলা ও ইংরেজিতে দুইশ নম্বরের ওপর পরীক্ষা হয়।
সামাজিক বিজ্ঞান বিষয়ের নাম বদলে 'ইসলামের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান' করা হবে বলে জানান মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান।
মো. ইউসুফ আরও জানান, ইংরেজি ও বাংলায় একশ' নম্বর করে বেশি হওয়ায় শিক্ষার্থীদের ব্যাকরণসহ কিছু বাড়তি বিষয় পড়তে হবে।
তিনি বলেন, "আগামী শিক্ষাবর্ষের নবম শ্রেণী থেকে এটি চালু হলেও পরীক্ষার ক্ষেত্রে ২০১২ সালের দাখিল (এসএসসির সমমান) পরীক্ষায় তা প্রথমবারের মতো কার্যকর হবে।
চেয়ারম্যান বলেন, মাদ্রাসা শিক্ষাকে আকর্ষণীয় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এ বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় 'মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্পের (এসইএসডিপি) অধীনে এ ব্যাপারে কারিকুলাম তৈরির কাজ শুরু হয়।
দাখিল ও আলীম স্তরে বাংলা ও ইংরেজিতে মাত্র এক শ' নম্বরের কোর্স থাকা নিয়ে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় সমস্যা দেখা দেয় যা শেষ পর্যন্ত আদালতে গড়ায়।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, মাদ্রাসা শিক্ষায় ইংরেজির মতো অপরিহার্য বিষয়ে কম গুরুত্ব দেওয়া হয়ে থাকে বলে এক ধরনের বৈষম্যের সৃষ্টি হয়।
মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান জানান, পর্যায়ক্রমে আলীম স্তরে একই পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২৩৩৩ঘ.
bdnews24