রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিট বরাদ্দকে কেন্দ্র করে বৃহস্পতিবার রজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল তিন ঘণ্টা অবরোধ করে রাখে ছাত্র শিবিরের সশস্ত্র নেতাকর্মীরা।
এ সময় হলে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মী এবং সাধারণ ছাত্ররা অবরুদ্ধ হয়ে পড়ে।
পরে প্রক্টরিয়াল বডি এবং পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ নেতাকর্মীদের অবরোধ থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিবিরের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেজাউল করিম সাংবাদিকদের জানান, ৯৯টি সিট শূন্য থাকা সাপেক্ষে বরাদ্দের জন্য গত ২৭ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেধা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে মঙ্গলবার সিট বরাদ্দ করে নোটিশ টাঙ্গানো হয়। কিন্তু পছন্দমত না হওয়ায় শিবির নেতাকর্মীরা এর বিরোধিতা করে। প্রাধ্যক্ষ লিখিত অভিযোগ দিতে বললেও তারা কোন সাড়া দেয়নি।
হলের শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জিয়া হল শাখা শিবির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নবাব আব্দুল লতিব হল শাখা সভাপতি মাসুদ, শিবির নেতা মাহবুবের নেতৃত্বে বহিরাগত শতাধিক শিবির নেতাকর্মী হলের হাউস টিউটর এবং কর্মকর্তাদের কাছে নতুন বরাদ্দ বাতিলের দাবি জানায়।
কর্মকর্তারা লিখিত অভিযোগ দিতে বললে তারা উত্তেজিত হয়ে নোটিশ বোর্ড ভাঙচুর করে। এ সময় হলের ছাত্রলীগ নেতাকর্মীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সশস্ত্র শিবির নেতাকর্মীরা হলের অভ্যন্তরে অবস্থান নেয়। এতে ছাত্রলীগের ২৫/৩০ নেতাকর্মী অবরুদ্ধ হয়ে পড়েন।
এ খবরে পুরো ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১০টার দিকে অন্যান্য হল থেকে বিপুল সংখ্যক শিবির নেতাকর্মী লোহার রড, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে শ্লোগান দিয়ে জিয়া হল ঘেরাও করে।
তারা প্রধান ফটক ভেঙে হলে প্রবেশের চেষ্টা করে। বেলা দেড়টার দিকে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান, মতিহার জোনের সহকারী কমিশনার (এসি) হুমায়ুন কবির, পুলিশের বিশেষ শাখার সহকারী কমশিনার (এসি) আকরাম হোসেনের নেতৃত্বে ৪/৫টি ভ্যানে বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে আসে।
পুলিশ ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয়। বিকেলে হলে তল্লাশি চালিয়ে অবৈধভাবে অবস্থান করা হল শাখা শিবিরের সাবেক সভাপতি নাফিউল ইসলামের কক্ষ থেকে দুটি লোহার পাইপ ও এক ব্যাগ পাথর উদ্ধার এবং তাকে আটক করা হয়। এ ছাড়া শিবির কর্মী নৃ-বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র আব্দুস সালামকে হল থেকে আটক করা হয়। বিকেলে শিবির নেতাকর্মীরা ক্যাম্পাসে দফায় দফায় মহড়া দেয়। এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাবি শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক জিয়া হলের ছাত্র সুমন কান্তি বাড়ৈ ও ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান বলেন, সাধারণ ছাত্ররা সিট বরাদ্দ মেনে নিলেও আধিপত্য ধরে রাখতে শিবির উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। তারা হলের বাইরে এবং ভেতরে সশস্ত্র অবস্থান নেয়।
হল শাখা শিবির সভাপতি মাইনুল ইসলাম বলেন, সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের সিট দেওয়ায় সাধারণ ছাত্ররা এর প্রতিবাদ করেছে। তিনি আবার সিট বরাদ্দের দাবি করেন।
প্রাধ্যক্ষ ড. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, "মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। এরপরেও কারও অভিযোগ থাকলে লিখিতভাবে জানানোর জন্য বলা হয়। কিন্তু শিবির তা না করে হলের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।"
দুই শিবির নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, "যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৭ ঘ.
bdnews24