২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংস আন্দোলনের মুখে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধ ঘোষণা

দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের আন্দোলন ও ভাঙচুরের পরিপ্রেক্ষিতে বুধবার রাজধানীর শেরে বাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের আন্দোলন ও ভাঙচুরের পরিপ্রেক্ষিতে বুধবার রাজধানীর শেরে বাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, আট দফা দাবি বাস্তবায়নের জন্য বুধবার সকাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের পর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। বুধবার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত জানানো হয়েছে। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আট দফা দাবি আদায়ে বিক্ষোভ ও সমাবেশ করছিল। বুধবার দুপুরে তারা বেশ কয়েকজন শিক্ষককে ভেতরে আটকে রাখে। ভাঙচুরের বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "পুলিশ প্রতিষ্ঠানের চৌহদ্দীর বাইরে ছিল। এ কারণে ভেতরে ভাঙচুর হয়েছে কী না সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না।" প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনের জানালার কাঁচ ভাঙচুর করে। শেরে বাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এসএসসি উত্তীর্ণদের চার বছরের কৃষি ডিপ্লোমা ডিগ্রি দিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০৩১ঘ.