২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী সব শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 11:02 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার এ আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের আদেশে সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করতে বলা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা, বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান, শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ সাহিত্য (কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা) ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা ও সদস্য বাংলাদেশের স্থপতি ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান। গত ১০ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে জাতীয় দিবসগুলোর গুরুত্ব ও তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ কার্যক্রম বন্ধ রেখে দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে আদেশ জারি করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৬১০ ঘ.