২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়কে না ভেঙে ছয়টি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের সুপারিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভেঙে কলেজগুলোকে আগের মতো ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। এর পরিবর্তে ছয়টি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছয়টি আঞ্চলিক কেন্দ্র খুলে সংশ্লিষ্ট এলাকার কলেজগুলোকে অধীভুক্ত করতে বলেছে এ সংক্রান্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা,জুলাই ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভেঙে কলেজগুলোকে আগের মতো ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। এর পরিবর্তে ছয়টি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছয়টি আঞ্চলিক কেন্দ্র খুলে সংশ্লিষ্ট এলাকার কলেজগুলোকে অধীভুক্ত করতে বলেছে এ সংক্রান্ত কমিটি। মঙ্গলবার কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। মঞ্জুরি কমিশনে ওই সভা অনুষ্ঠিত হয়। কমিটি প্রধান বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত কলেজগুলোকে ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার সিদ্ধান্ত বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়েরই অধীনে ছয়টি বিভাগে ছয়টি আঞ্চলিক কেন্দ্র খুলে সংশ্লিষ্ট এলাকার কলেজগুলোকে অধীভুক্ত করার একটি সিদ্ধান্ত হয়েছে। তবে সেটা প্রস্তাবিত শিক্ষানীতি কমিটির সঙ্গে বৈঠক করে চূড়ান্ত হবে।" এসব কেন্দ্রগুলোকে পর্যায়ক্রমে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করার সুপারিশ করার কথাও জানান তিনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভেঙে দিয়ে আগের মতো দেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোকে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ছয়টি বিশ্ববিদ্যালয় ঠিক করে কোন কোন কলেজগুলো কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হবে তার একটি তালিকা তৈরি করে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। বর্তমানে সরকারের আমলেই করা প্রস্তাবিত শিক্ষানীতি কমিটির খসড়াতেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রত্যেক বিভাগে কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়েছে। খসড়ায় দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বিশাল হওয়ায় এর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এজন্য প্রত্যেক বিভাগে এর কেন্দ্র স্থাপন করে এর কার্যক্রম বিকেন্দ্রীকরণ করা জরুরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনেও বিশ্ববিদ্যালয়টিকে বিকেন্দ্রীকরণের কথা বলা আছে। তবে দীর্ঘদিনেও তা করা হয়নি। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, "কুদরাত-ই-খোদা শিক্ষা কমিশনের আলোকে গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত ড.শামসুল হক শিক্ষা নীতিতেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ছয়টি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরামর্শ দেওয়া হয়। তারই আলোকে আমরাও ছয়টি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের কথা বলছি।" এবিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গরিব মানুষের সন্তানদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছে জাতীয় বিশ^বিদ্যালয়। প্রধানমন্ত্রীও দারিদ্র্য দূরীকরণের হাতিয়ার হিসেবে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন। এজন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা দূর করে এটিকে আরও মান সম্মত করতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এমআই/২০৩২ ঘ.