২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে বিগত আট বছরের দুর্নীতি তদন্তে দুটি কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশাসনের প্রশাসনিক ও আর্থিক দুর্নীতি এবং অনিয়ম খতিয়ে দেখতে দুটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০০১ থেকে ২০০৯ সালের ২ জুলাই পর্যন্ত আট বছরের প্রশাসনিক (নিয়োগ, পদোন্নতি, ছাত্র-ছাত্রী ভর্তি) এবং আর্থিক বিষয়ে দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখবে এ দুটি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশাসনের প্রশাসনিক ও আর্থিক দুর্নীতি এবং অনিয়ম খতিয়ে দেখতে দুটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০০১ থেকে ২০০৯ সালের ২ জুলাই পর্যন্ত আট বছরের প্রশাসনিক (নিয়োগ, পদোন্নতি, ছাত্র-ছাত্রী ভর্তি) এবং আর্থিক বিষয়ে দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখবে এ দুটি কমিটি। জুলাই প্রথম সপ্তাহে করা দুটি কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিগত প্রশাসনের দুর্নীতি ও অনিয়ম তদন্তে দুটি আলাদা কমিটি করা হয়েছে।" তিনি জানান, প্রশাসনিক বিষয়ে অনিয়ম খতিয়ে দেখতে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আলম এবং আর্থিক বিষয়ে অনিয়ম খতিয়ে দেখতে একই বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেনকে প্রধান করে কমিটি দুটি গঠন করা হয়েছে। উভয় কমিটিই ছয় সদস্যের। প্রশাসনিক বিষয় সংক্রান্ত তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আবদুল জব্বার হাওলাদার, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং সদস্য সচিব উপ-হিসাবাধ্যক্ষ মো. আরশাদ আলী। আর্থিক বিষয়ক তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এস বদিয়ার রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল খায়ের, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক খায়রুল বশর, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান এবং সদস্য সচিব অভ্যন্তরীণ অডিট অফিসের পরিচালক ফজলুল হক। প্রশাসনিক অনিয়ম তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, "প্রশাসনিক দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে কোনো তথ্য কারও জানা থাকলে তা কমিটির সভাপতির কাছে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।" ইতোমধ্যে এ বিষয়ে তথ্য চেয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৪৭ ঘ.