২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষস্থায়ী শিক্ষা কমিশন করার সুপারিশ

জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে। এতে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। খসড়া প্রতিবেদন নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিক্ষা বিষয়ক প্রতিবেদক মোশতাক আহমেদ এর ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 05:42 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশে একটি স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করতে যাচ্ছে নতুন শিক্ষানীতি কমিটি। জাতীয় শিক্ষানীতি-২০০৯ এর খসড়ায় এ সুপারিশ করা হয়েছে। কমিটির কো-চেয়ারম্যান ড. খলীকুজ্জমান আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শিক্ষানীতির একটি খসড়া তৈরির কথা জানিয়ে বলেছেন, আগামী মাসেই তারা খসড়াটি চূড়ান্ত করে প্রতিবেদন জমা দেবেন। স্থায়ী শিক্ষানীতির বিষয়ে কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "অবশ্যই একটি সুষ্ঠু স্থির শিক্ষানীতি থাকা উচিত। যার ভিত্তিতে মানবসম্পদ উন্নয়নে পরিকল্পনা করা হবে।" একটি স্থায়ী শিক্ষা কমিশন থাকা উচিত- এ মন্তব্য করে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার কী কী পরিবর্তন-পরিমার্জন হবে তা দেখবে এ কমিশন।" স্বাধীনতার পর নয়টি শিক্ষা কমিশন গঠন ও নীতি প্রণীত হলেও এখন পর্যন্ত কোনও কমিশনের সুপারিশ বা কোনও নীতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। নতুন খসড়ায় দেশের বিভিন্ন শিক্ষা কমিশন ও শিক্ষানীতির চিত্র তুলে ধরে বলা হয়, "এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠন করা প্রয়োজন। এ কমিশন জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শদানকারী সংস্থা হবে।" এতে আরও বলা হয়, বিভিন্ন স্তর ও ধারায় শিক্ষানীতির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা, এ সংক্রান্ত বাৎসরিক প্রতিবেদন সরকার ও জাতীয় সংসদের কাছে উপস্থাপন ও সুপারিশ দেওয়া হবে এ কমিশনের অন্যতম দায়িত্ব। এছাড়াও শিক্ষানীতির সময়োপযোগী পরিমার্জন ও প্রয়োজনে পরিবর্তন করাও এ কমিশনের দায়িত্ব হবে। খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত স্থায়ী শিক্ষা কমিশনের সদস্য হবেন উচ্চ যোগ্যতা ও মর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ, যাদের মধ্যে শিক্ষক, শিক্ষানুরাগী, প্রশাসক ও জনপ্রতিনিধি থাকবেন। কমিশন পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যের সমন্বয়ে গঠিত হবে এবং এর স্বতন্ত্র সচিবালয় ও অর্থসংস্থান থাকবে। গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রণীত অধ্যাপক মনিরুজ্জামান মিঞা শিক্ষা কমিশন (২০০৩) এর প্রতিবেদনেও একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের কথা বলা হয়েছিল। গত ৮ এপ্রিল শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি ঘোষণা করেন। কমিটিতে লেখক ও বিজ্ঞানের শিক্ষক মুহাম্মদ জাফর ইকবাল, অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য রয়েছেন। পরে কমিটিতে আরও দুইজন সদস্য যুক্ত করা হয়। বেশ কয়েকটি সভা করে কমিটি এ খসড়া প্রতিবেদন তৈরি করেছে। শিক্ষানীতি ২০০০ ও কুদরাত-ই-খুদা কমিশনের প্রতিবেদনসহ অন্যান্য শিক্ষা কমিশনের প্রতিবেদন বিবেচনায় নিয়ে শিক্ষানীতি-২০০৯ প্রণীত হচ্ছে বলে খসড়ায় বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, শিক্ষানীতি কোনও স্থির বিষয় হতে পারে না। সময়ের প্রয়োজনে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে শিক্ষানীতির পরিমার্জন ও প্রয়োজনে পরিবর্তনের প্রক্রিয়া চলমান থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১১৪৬ ঘ.