ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী দশ বছরের মধ্যে অষ্টম শ্রেণী উত্তীর্ণ ২৫ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষাক্রমে নিয়ে আসাসহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে শিক্ষানীতি প্রণয়ন কমিটি।
জাতীয় শিক্ষানীতি-২০০৯ এর খসড়ায় এসব সুপারিশ করা হয়।
খসড়ায় বলা হয় "আগামী দশ বছরের মধ্যে অষ্টম শ্রেণী উত্তীর্ণ ২৫ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষাক্রমে নিয়ে আসা হবে। পরবর্তীতে এ হারকে অন্তত ৫০ শতাংশে উন্নীত করা হবে।"
জাতীয় শিক্ষানীতি কমিটির কো-চেয়ারম্যান ড.খলীকুজ্জমান আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শিক্ষানীতির একটি খসড়া তৈরির কথা জানান। তবে খসড়াটি চূড়ান্ত হবে ২১ জুলাই। আগস্ট মাসের মধ্যেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষাসহ মাধ্যমিক স্তরের সকল ধারায় বৃত্তিমূলক শিক্ষাক্রম চালু করা হবে। দেশের সকল শিক্ষার্থীকে প্রাক বৃত্তিমূলক শিক্ষাসহ অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সমাপ্ত করতে হবে।
প্রতিবেদনে মাধ্যমিক পর্যায়ে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে কয়েক ধরনের জনশক্তি গড়ে তোলার কথা বলা হয়েছে। এর মধ্যে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর ছয় মাসের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে জাতীয় দক্ষতামান-১ মানের জনশক্তি, এক বছরের বৃত্তিমূলক শিক্ষা দিয়ে অর্থাৎ নবম শ্রেণী (ভোকেশনাল) শেষ করার মাধ্যমে জাতীয় দক্ষতামান-২ মানের জনশক্তি, দুই বছরের বৃত্তিমূলক শিক্ষা (দশম শ্রেণী, ভোকেশনাল) দিয়ে জাতীয় দক্ষতামান-৩ মানের জনশক্তি এবং চার বছর অর্থাৎ দ্বাদশ শ্রেণী শেষ করে জাতীয় দক্ষতামান-৪ মানের জনশক্তি গড়ে তোলা হবে।
এতে কারিগরি শিক্ষা স
bdnews24