ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতিকে সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্য নিয়োগের বিধান রেখে বুধবার সংসদে সাতটি পৃথক বিল পাস হয়েছে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বিলগুলো সংসদে উত্থাপন করেন। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে বিলগুলো কন্ঠভোটে পাস হয়।
বিলগুলো হলো: জাতীয় বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০০৯, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০০৯, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০০৯, ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০০৯, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০০৯, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০০৯ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০০৯।
এতদিন পদাধিকারবলে প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য (চ্যান্সেলর) ছিলেন। বিলগুলো পাসের পর এখন থেকে প্রধানমন্ত্রীর পরিবর্তে পদাধিকারবলে রাষ্ট্রপতি হবেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য।
সংসদে বিলগুলো পাসের যৌক্তিকতা ব্যাখা করতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ সাতটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দায়িত্ব রাষ্ট্রপতির কাছে অর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন এবং রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় সাতটির চ্যান্সেলরের দায়িত্ব নিতে রাজী হয়েছেন।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য করা হয়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে তথাকথিত 'ভারসাম্য' আনার জন্য ওই অধ্যাদেশ জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এএনএস/এইচএ/২৩৫০ঘ.
bdnews24