গাজীপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান শিক্ষিকাসহ দুই শিক্ষককে অপসারণের দাবিতে রোববার গাজীপুর শহরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ক্লাস বর্জন ও মানববন্ধন করেছে।
২১ জুন দুপুরে সহকারী শিক্ষক আবু জাফর মোহাম্মদ সালেহ তুচ্ছ ঘটনায় ৭/৮ জন ছাত্রীকে বেদম মারধর করেন। ঘটনার পরদিন থেকে ছাত্রী ও অভিভাবকরা প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা ও শিক্ষক আবু জাফরকে অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান এবং ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করে আসছে। এ ঘটনায় জেলা প্রশাসক তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে শতাধিক ছাত্রী স্কুলের সামনে রাজবাড়ি সড়কের দু'পাশে ব্যানার, পোস্টার নিয়ে এবং মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন।
এক পর্যায়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সারোয়ার জাহান মানববন্ধনস্থলে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন। দাবি পুরণে তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি শেষ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24