২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী

নানা আয়োজনে বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনটি 'ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস' হিসেবে পালিত হয়ে আসছে। 'প্রাচ্যের অক্সফোর্ড' খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এ বার ৮৯ বছরে পা দিল। ১৯২১ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 08:45 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনটি 'ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস' হিসেবে পালিত হয়ে আসছে। 'প্রাচ্যের অক্সফোর্ড' খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এ বার ৮৯ বছরে পা দিল। ১৯২১ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য 'গণতন্ত্রায়নে উচ্চ শিক্ষা'। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শোভাযাত্রা নিয়ে শিক্ষার্থীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জড়ো হয়। বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা রঙ-বেরঙের পতাকা উত্তোলন করেন টিএসসিতে। এরপর কেক কেটে উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বিশ্ববিদালয় দিবসের উদ্বোধন করেন। প্রো-উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমানও ওই সময় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে টিএসসি মিলনায়তনে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "গত শতাব্দীতে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে যে সব পরিবর্তন এসেছে, সে সব পরিবর্তনে অবিস্মরণীয় অবদান রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটাই এ বিশ্ববিদ্যালয়ের মূল অর্জন। গণতান্ত্রিক মানস সৃষ্টি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় এ কাজটি সফলভাবে করতে পেরেছে।" শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক বিশ্ববিদ্যালয়ের আয়তন বাড়ানোর দাবি জানান। সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, প্রো-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা সভায় উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে টিএসসিতে তিন দিনব্যাপী 'ইতিহাস, ঐতিহ্য ও তথ্য' শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে টিএসসি মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের বিতর্ক অনুষ্ঠান হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে বিভিন্ন বিভাগ আয়োজিত ফুটবল, ক্রিকেট ও ভলিবল ম্যাচ; কেন্দ্রীয় গ্রন্থাগারে পাণ্ডুলিপি প্রদর্শনী এবং স্বেচ্ছায় রক্তদান। এছাড়া বিকালে নাট্যকলা ও সংগীত বিভাগের আয়োজনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৪৪৫ ঘ.