ইসলামী বিশ্ববিদ্যালয়, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সপ্তাহের জন্য মিছিল সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বুধবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে মঙ্গলবারের ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বুধবার বেলা এগারটায় উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখার জন্য ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলামকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
কমিটির অন্য সদস্যরা হলেন ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের প্রভাষক আরিফুজ্জামান এবং ফলিত পদার্থ ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন বিভাগের প্রভাষক হুমায়নু কবির।
বৈঠকে সব হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
ড. কামাল উদ্দিন জানান, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সব ছাত্র সংগঠনের এ সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২৫০ ঘ.
bdnews24