রাজশাহী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে ভাঙচুর এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শনিবার রাতে মামলা করেছেন কলেজ অধ্যক্ষ ফরিদা সুলতানা।
এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর শাখার দুই নেতাকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার নিউ গভ. ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি কোটা দাবি করে ছাত্রমৈত্রী নেতাকর্মীরা তিনটি কক্ষ ভাঙচুর করে। তারা কলেজের অধ্যক্ষে প্রাইভেট কার এবং ভর্তি ফরম নিতে আসা একজন অভিভাবকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পর কলেজে গেলে আটক করা হয় ছাত্রমৈত্রীর মহানগর সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক আকছারুজ্জামান সুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহায়মেনুল হক রানাকে পুলিশ আটক করে।
রাজপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন জানান, হুমকি, কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অধ্যক্ষ ফরিদা সুলতানা শনিবার রাতে অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
তিনি জানান, এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছাত্রমৈত্রীর মহানগর সাধারণ সম্পাদক আকছারুজ্জামান সুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহায়মেনুল হক রানাকে মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করা হয়। হাকিম মশিউর রহমান চৌধুরী শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মহানগর সভাপতি মতিউর রহমান মতিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি-সদর) মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, কলেজে ভাঙচুর এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অধ্যক্ষ ড. ফরিদা সুলতানা বলেন, কলেজের ভর্তি ফরম বিতরণসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
ছাত্রমৈত্রী নেতাদের মুক্তি দাবিতে সংগঠনের মহানগর ও জেলা শাখা নগরীতে মিছিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24