জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল থেকে শুক্রবার দুটি তাজা বোমা উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
দুপুর ১টার দিকে ইন্টারনেটের সংযোগ দেওয়ার সময় হলের তিন তলার ৩২৬ নন্বর কক্ষের সামনের বারান্দায় লাল টেপ মোড়ানো দুটি বস্তু দেখতে পান সংযোগ দিতে আসা লোকজন। পরে কয়েকজন ছাত্র এসে বস্তু দুটি দেখে প্রভোস্টকে খবর দেন।
হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. খবির উদ্দীন টেপ মোড়ানো বস্তু দুটি বোমা ছিল জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বস্তু দুটি ফেলে দিতে বলার পর দারোয়ান আমজাদ হোসেন সেখান থেকে একটি নিচে ছুড়ে ফেলে। নিচে পড়ে সেটি বিস্ফোরিত হয়।
তিনি জানান, আরেকটি বোমা পানিতে ফেলে দেওয়া হয়েছে।
প্রভোস্ট বলেন, "বোমা দুটি কে রেখেছে তা জানতে না পারায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে এ বিষয়ে হল প্রশাসন সজাগ রয়েছে।"
তবে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়নি বলে তিনি জানান।
বিকেল সাড়ে ৫ টায় হলের কয়েকজন আবাসিক শিক্ষককে নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও আর কিছু পাওয়া যায়নি বলে অধ্যাপক খবির উদ্দীন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24